হে আল্লাহ, সরল পথ দেখাও
মোঃ রোকনুজ্জামান শরীফ
শুরু করি আল্লাহর নামে—পরম করুণাময়,
অসীম দয়ার আধার তিনি, অনন্ত দয়াময়।
তাঁরই নামে শুরু হোক জীবনের প্রতিটি গান,
তাঁরই রহমতে জেগে উঠুক এই সুন্দর প্রাণ।
বিশ্বজগতের প্রতিপালক—প্রশংসা শুধু তাঁর,
আকাশ-জমিন, চন্দ্র-সূর্য—সৃষ্টি তাঁর অপার।
আল্লাহ পরম মেহেরবান, করুণার আধার,
তাঁরই দয়ায় বেঁচে আছি—তিনিই রব সবার।
বিচার দিনের মালিক আল্লাহ, বিশ্বজগতের অধিপতি,
তাঁরই কাছে ফিরতে হবে—সবারই এক গতি।
রাজা-প্রজা, ধনী-দরিদ্র—থাকবে না কোনো ভেদ,
তাঁরই ন্যায়বিচারের কাছে মুছে যাবে সব ভেদাভেদ।
হে আল্লাহ, তোমারই ইবাদত করি—তুমিই মোর আশা,
তোমারই সাহায্য চাই—তুমিই হৃদয়ের ভরসা।
তুমি ছাড়া বিপদকালে নেই তো কোনো আশ্রয়,
তোমার রহমত চাই গো প্রভু, তোমাতেই মোর হৃদয়।
হে আল্লাহ, দেখাও মোদের সরল পথ, সত্যের আলোকধারা,
তোমার অনুগ্রহপ্রাপ্তদের পথে দাও চলার ইশারা।
যাদের তুমি দয়া করেছ, রেখেছ রহমতের ঘরে,
তাদের পথে চলার তাওফিক দাও, রহমতে হৃদয় ভরে।
যে পথে নেমেছে গজবের ছায়া, সে পথ থেকে রাখো দূরে,
যারা তোমার পথ হারিয়েছে, তাদের ফিরিয়ে নাও নূরে।
ভুলের আঁধার সরিয়ে দাও, জ্বালাও হেদায়াতের আলো,
তোমার রহমতে জীবন হোক পবিত্র, সুন্দর ও ভালো।
হে রব, তোমার পথেই যেন শেষ হয় ইহ জীবনের গান,
তোমার দয়া, তোমার সন্তুষ্টি হোক হৃদয়ের প্রাণ।
দুনিয়া পেরিয়ে আখিরাতে তোমারই রহমত চাই—
সরল পথে রেখো আমায়, হে আল্লাহ, চাই তোমারই কাছে ঠাঁই।
শরীফ'স হাউজ
মঠবাড়িয়া, ১৮ সেপ্টম্বর /২০২৬
দ.ক.এম.আর.এস