হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়ে প্রায় ৫০০ ঘনফুট বালু ও ২টি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত ১৯ সেপ্টেম্বর শনিবার রাতভর অভিযান শেষে ভোর ৬টার দিকে হামিদনগর, চলিতাতলা ও দয়ালপুর, দাড়িপুর এলাকায়
অভিযানে ২টি ট্রাক্টর ও আনুমানিক ৫০০ ফুট বালু জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় অভিযান পরিচালনার পর ভোর ৬টার দিকে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন বা মজুদ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।