হবিগঞ্জ চুনারুঘাটে চা-শ্রমিকদের কাজের সুবিধার্থে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত উপহার সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চান্দপুর চা-বাগানের নাচঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে চা-শ্রমিকদের হাতে এই রেইনকোট তুলে দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু নাঈম হালিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন চৌধুরী ও সাধারন সম্পাদক কাউন্সিলর জালাল আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আব্দুল মান্নান রুমন উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহ নেওয়াজ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, “চা-শ্রমিকদের অবদানের কথা বিবেচনা করে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন, সেই কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য এই রেইনকোটের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক চা-শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তরের এই উপহার রেইনকোট তুলে দেন অতিথিরা।