উৎসবমুখর পরিবেশে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ(মঙ্গলবার) সকাল ১১ টায় বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে এসএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এবং বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এই জাকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন থেকে পাঠের মাধ্যমে। এরপর কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, "আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বই পড়া ও সৃজনশীল কাজে যুক্ত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন,আমাদের বিদ্যালয়ের এই সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফল। আগামীতেও শিক্ষার এই ধারাবাহিক সাফল্য বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কৃতি শিক্ষার্থীদের এমন অর্জনে অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
দ.ক/এআরআর