হবিগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্কলারশিপ প্রদান এবং ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও গাইডলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের কৃতি শিক্ষার্থীই আগামী দিনের নেতৃত্ব দেবে’—এই প্রতিপাদ্যে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের উদ্যোগে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সৈয়দ মুশফিক আহমদ, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার।
অনুষ্ঠানে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মিনজাব ছাহাম। শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ, হবিগঞ্জের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি।
অনুষ্ঠানের বিশেষ পর্বে ঢাকার বক্তা ও ক্যারিয়ার গাইড ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার বিষয় নির্বাচন, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুধু ফলাফলের ওপর নির্ভর করলে হবে না। শিক্ষার্থীদের নিজেদের আগ্রহ, সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে ক্যারিয়ার পরিকল্পনা করতে হবে। পাশাপাশি প্রযুক্তি, যোগাযোগ, নেতৃত্ব ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে গোল্ড মেডেল বিজয়ী লাবিব আহমেদসহ কয়েকজন শিক্ষার্থী নিজেদের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অতিথিদের হাতে কৃতি শিক্ষার্থীদের মেডেল, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয় এবং স্কলারশিপ প্রদান করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আয়োজনে হবিগঞ্জ শাহ পরান মডেল মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী হাফেজ উসমানকেও সংবর্ধনা দেওয়া হয়। মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদার। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি আল আমিন সাঈফীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার সম্পর্কে সঠিক সময়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়াও জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশে কাজ করার কথা জানান তিনি।
আয়োজকেরা জানান, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক, আয়োজক ও কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।