আজ ১২ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, চুনারুঘাট সকল অংশীজনদের সাথে নিয়ে ভিডিও কনফারেন্স এ যুক্ত থেকে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিক আনোয়ার, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট, হবিগঞ্জ; সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে একসাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া, আগামী ০৩ মাস প্রতি শনিবার সকলের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রেখে ডেঙ্গু মোকাবিলা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সকলে উপজেলা পরিষদ মাঠের ড্রেন পরিষ্কার, আশপাশের আগাছা অপসারণ এবং জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে সকলে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
দ.ক.২৬