
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামে প্রবাসীদের বৃদ্ধ পিতা-মাতা ও তাঁদের পরিবারের ওপর হামলা, গাছ কেটে নেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে আজ দুপুর ১২টার দিকে ধৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১) মো. ছায়েদ আলী (৪৫), ২) মোছাঃ জাসমিন আক্তার (২৭), ৩) মোছাঃ রুকেয়া আক্তার (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিশিরী গ্রামের বাসিন্দা ইয়াকুত আলীর ছেলেরা জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে ইয়াকুত আলী ও তাঁর স্ত্রী একা বসবাস করেন। পাশের বাড়ির উগ্র প্রকৃতির লোকজন দীর্ঘদিন ধরে তাঁদের নানাভাবে নির্যাতন ও হয়রানি করে আসছে। ইয়াকুত আলী দলিল মূলে মালিক হয়ে নিজ জমিতে চলাচলের রাস্তা তৈরি করলে প্রতিপক্ষ ছায়েদ আলী ও তাঁর লোকজন সেই রাস্তা জবরদখলের পায়তারা চালায়। এ নিয়ে আদালতে ১৪৪ ধারা মামলা ও স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলেও বিবাদীরা তা তোয়াক্কা করেনি। সর্বশেষ গত ২৭ মার্চ রাতে এবং গত ৪ এপ্রিল দুপুরে আসামিরা বৃদ্ধ দম্পতির বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আসামিরা জোরপূর্বক রাস্তার গাছ কেটে নিয়ে যায় এবং লাঠিসোটা নিয়ে বাদী ও তাঁর স্বামীকে মারপিট করতে উদ্যত হয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগলে পুলিশ তদন্তপূর্বক পেনাল কোডের ৫০৬ (২য় অনুচ্ছেদ) ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণ পায় এবং নন-এফ.আই.আর মামলা রুজু করা হয়।
চুনারুঘাট থানার পুলিশ জানায়, প্রবাসীদের পরিবারকে নিরাপত্তাহীনতায় রাখা এবং হামলা ও হুমকির ঘটনায় আইনি পদক্ষেপের অংশ হিসেবে ৩ জন আসামিকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
দ.ক/এমএ