‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে শায়েস্তাগঞ্জে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুর রকিবের সভাপতিত্বে এবং পিএফজির মুসলিম ধর্মীয় নেতা হাফেজ তোফায়েল আহমেদ মনি ও আল-আমিন সাঈফীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা ও পিএফজির ধর্মীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুল আজিজ ফরহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কালাম।
এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা ও পিএফজি অ্যাম্বাসেডর প্রভাষক কামরুল হাসান রিপন, অ্যাম্বাসেডর মো. আব্দুস সালাম, জামায়াতে ইসলামী শায়েস্তাগঞ্জ উপজেলা সেক্রেটারি ইয়াসির খান, দ্য হাঙ্গার প্রজেক্টের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা এবং পিএফজির সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, পিএফজির হিন্দু ধর্মীয় নেতা সুশান্ত পাল চৌধুরী, রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি কল্যাণ বিশ্বাস, নিশাপট মাদরাসাতুল মদিনার মুহতামিম মাওলানা আ স ম নুরুল্লাহ, ড্রাইভার বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হামদুল্লাহ, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদের ইমাম মুফতি এম এ হান্নান, মহলুল সুনাম জামে মসজিদের ইমাম মুজাহিদ আহমেদ মানিক, সুরাবই খারামারা জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সংলাপে বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের বিকল্প নেই। কোনো ধরনের সংঘাত, উসকানি ও বিভেদ নয়—সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দ.ক.২৬