ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চুনারুঘাট বাজারে স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট পৌর শাখার সভাপতি জনাব মোঃ বাছির আহম্মদ বলেন,
“ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাঙ্গনে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের বীজ বপন করে আসছে। তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তোলার মাধ্যমেই একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মাও. ফজলে রাব্বি। তিনি বলেন, ছাত্র জীবনই হলো জাতি গঠনের ভিত্তি। এই সময়ে যারা আদর্শ নিয়ে চলবে তারাই আগামীর নেতৃত্ব দেবে।
ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আলিফ বলেন, বিগত ৩৫ বছরে সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার আদায়, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে।
সভায় উপজেলা ও পৌর ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাঝে চারিত্রিক অবক্ষয় রোধে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও জোরদার করতে হবে।
আলোচনা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা, শহীদ ও মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের কাফেলার বিজয় কামনা করা হয়।
দ.ক.সিআর