হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় গুলিতে এক যুবক নিহত হয়। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রথম দিকে নিহতের পরিবার জানান, বিএসএফ এর গুলিতে তিনি মারা গেছেন। কিন্তু পরবর্তিতে বিজিবি'র সাথে যোগাযোগ করলে ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক তানজিলুর রহমান জানান, চোরাকারবারিদের মধ্যে গোলাগুলিতে সোহাগ নিহত হয়।
বিকেলে বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল সীমান্তের বাসিন্দারা আজ দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ গুলির শব্দ পান। পরে মাটিতে এক ব্যক্তির পড়ে থাকার কথা জানতে পারেন তাঁরা। এবং নিহতের পরিবার লাশটি দেখে শনাক্ত করেন, গুলিবিদ্ধ ব্যক্তি উপজেলার চিমটিবিল এলাকার বাসিন্দা সোহাগ মিয়া। তাঁকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা প্রথম দিকে ধরে নিয়েছিলাম বিএসএফের গুলিতে এই যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনা নিয়ে যখন আমরা বিএসএফের সঙ্গে কথা বলি, তারা আমাদের নিশ্চিত করে, তাদের গুলিতে নয়, চোরাকারবারিদের মধ্যে গুলাগুলি সংঘটিত হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ভারতীয় চোরাকারবারিদের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে এই যুবকসহ আরও কয়েকজনের দ্বন্দ্ব হয়। এবং তাদের গুলিতে সোহাগ প্রাণ হারান। ঘটনার সময় সোহাগের সঙ্গে তাঁর এক ভাইও ছিলেন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে এসে বিস্তারিত বিজিবিকে জানায়।
বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।