হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে নিখোঁজ এক তরুণীকে দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, লাখাই থানাধীন মুড়াকরি গ্রামের প্রিয়া (ছদ্মনাম) একই এলাকার মুড়াকরি গুচ্ছগ্রামের মিজান মিয়ার ছেলে মনির মিয়া (১৯)-এর সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রিয়া বাড়ি থেকে নিখোঁজ হলে তার পরিবার লাখাই থানায় একটি মামলা দায়ের করে। মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে প্রিয়াকে অপহরণের অভিযোগ করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। দীর্ঘ দুই মাস বিভিন্ন কৌশলে অনুসন্ধান চালানোর পর পুলিশ প্রিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় মনির মিয়াকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
দ.ক.২৬