পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলেম, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুর রহমান। এরপর নাতে রাসুল (সা.) পরিবেশন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলী আকবর রেজা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী (মাঃজিঃআঃ)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের উপাচার্য ড. জহিরুল হক শাকিল এবং সাউদার্ণ ইউনিভার্সিটি, চট্টগ্রামের বিভাগীয় প্রধান ড. সৈয়দ জালাল উদ্দিন আল-আজহারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন হযরতুল আল্লামা শাহ জালাল আহমদ আখঞ্জী, মাওলানা মুনিরুজ্জামান উসমানী, অধ্যক্ষ মাওলানা আলী মুহাম্মদ চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা সোলাইমান খাঁন রব্বানীসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অধ্যক্ষ গুলাম সারোয়ার আলম, কাজী আবুল খায়ের সানু ও কাজী সাইফুল মোস্তফা।
সেমিনারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের জন্য নিবেদিত ১২ জন ব্যক্তিকে মরণোত্তর ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সম্মাননাপ্রাপ্তদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে পীরে তরিকত আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী (মাঃজিঃআঃ)-এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
‘আহলে সুন্নাত ওয়াল জামা'আত, হবিগঞ্জ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৬