হবিগঞ্জের লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগে উপজেলা জুড়ে ইতিবাচক সাড়া পড়ছে। এর আগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার কিশোরদের মোবাইল গেমিং আসক্তি থেকে দূরে রাখতে মাঠে নামছে লাখাই থানা পুলিশ।
আগামী ১০ আগস্ট বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে লাখাই থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে অনেক কিশোর মোবাইল গেমের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। এতে তারা মাঠে খেলাধুলা, পড়াশোনা ও সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। দীর্ঘ সময় মোবাইল গেমে ব্যস্ত থাকার কারণে কিশোরদের স্বাভাবিক জীবনযাপনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
কিশোরদের এ আসক্তি কমিয়ে তাদের মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল গেমিংয়ে অতিরিক্ত আসক্ত কিশোরদের বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
লাখাই থানা পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদেরও এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। কোনো এলাকায় কিশোরদের মোবাইল গেম, বিশেষ করে পাবজি, ফ্রি ফায়ারসহ বিভিন্ন অনলাইন গেমে অতিরিক্ত সময় ব্যয় করতে দেখা গেলে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, কিশোরদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পরিবার ও সমাজের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, কিশোরদের সুস্থ ও স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে লাখাই থানার ওসি শরীফ আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। নতুন এ উদ্যোগের মাধ্যমে কিশোরদের মোবাইল আসক্তি কমিয়ে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা করছে লাখাই থানা পুলিশ।
স্থানীয়দের মতে, কিশোরদের মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সচেতনতামূলক উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
দ.ক/টিএইচ