“মাদক ছাড়ো, না হয় শিবপাশা ছাড়ো”— এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার মহল্লাবাসী।
সামাজিক সচেতনতা সৃষ্টি, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে রবিবার (২আগস্ট) সন্ধ্যা ৯টায় শিবপাশা নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিবপাশা মহল্লা কমিটির উদ্যোগে এক আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিবপাশা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট ৮৪ জন ব্যক্তি আত্মসমর্পণ করেন। তারা মাদক থেকে দূরে থেকে সুস্থ, স্বাভাবিক ও কর্মমুখী জীবনযাপন করার অঙ্গীকার করেন। উপস্থিত এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান এবং এটিকে শিবপাশায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। মাদকের পাশাপাশি চুর চক্রের সকলকেও সতর্ক করা হয়েছে। যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদের নগদ দশ হাজার টাকা জরিমানা করা হবে।
মাদকের পাশাপাশি চুরেরও উপদ্রব বেড়েছে। এলাকায় চুরি দায়ে কেউ ধরা পড়লে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপাশা মহল্লা কমিটির সভাপতি ডা. সাদেকুল আমীন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
যারা আজ আত্মসমর্পণ করেছেন, তাদের নতুন জীবন শুরু করতে সমাজের সবাই সহযোগিতা করবে। আর যারা এখনও আত্মসমর্পণ করেননি, তাদেরও খুব শিগগিরই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান কোনো একদিনের কর্মসূচি নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে মাদকের কারণে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি ও অপরাধ বেড়ে যাচ্ছিল। তাই মহল্লা কমিটির এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, আত্মসমর্পণকারীরা সমাজের মূল ধারায় ফিরে এসে নতুন জীবন শুরু করবেন এবং ভবিষ্যতে আরও অনেকে এই উদ্যোগে যুক্ত হবেন।
শিবপাশা মহল্লা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। যদি কেউ পুনরায় মাদকে আসক্ত প্রমানিত হয় দশ হাজার টাকা জরিমানা করা হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে এ আন্দোলনে সম্পৃক্ত থাকার আহ্বান জানানো হয়, যাতে শিবপাশাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা যায়।
দ.ক.সিআর