"সাহিত্য হোক গণমানুষের ভাষা'—এই স্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উন্মুক্ত পাঠচক্র, গানের আড্ডা ও পরিচিতি সভার মধ্য দিয়ে হবিগঞ্জে যাত্রা শুরু করল দেশের পরিচিত সাহিত্য সংগঠন 'অ আ ক খ'।
গত শুক্রবার ৩১ জুলাই বিকেলে হবিগঞ্জ জেলা প্রতিনিধি তাইজুল ইসলামের পরিচালনায় এই উদ্বোধনী ও পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্র ও গান আড্ডায় উপস্থিত পাঠক ও অতিথিরা নিজেদের পছন্দের বই নিয়ে আলোচনায় অংশ নেন।
পাঠচক্রে লেখক ও পাঠকেরা এক প্রাণবন্ত সাহিত্য আলোচনায় মেতে ওঠেন। আড্ডায় ইফতেখার সিফাতের 'মর্নিং মেসেজ' বইটি নিয়ে আলোচনা করেন আল আমিন। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'চাঁদের পাহাড়' নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান মহিউদ্দিন শুভ। লেখক মীর ফয়সল আহমেদ আলোকপাত করেন হুমায়ূন আহমেদের 'ম্যাজিক মুন্সী' গ্রন্থের ওপর।
এছাড়া মাইকেল মধুসূদন দত্তের নাটক 'কৃষ্ণকুমারী' নিয়ে আলোচনা করেন তারেক মিয়া এবং আহমদ ছফার 'মরণবিলাস' বইটি তুলে ধরেন ফরহাদ আহমেদ। তৃষা সামন্ত কথা বলেন হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস 'অপেক্ষা' নিয়ে এবং ফারজানা ছবি আলোচনা করেন আহমদ ছফার প্রবন্ধ 'পুষ্পবৃক্ষ ও বিহঙ্গপুরাণ' নিয়ে। আলোচনার ফাঁকে কবিতা আবৃত্তি করে শোনান তাইজুল ইসলাম।
সাহিত্য আলোচনার পাশাপাশি জমে ওঠে গানের আড্ডা। এতে সুরের মূর্ছনা ছড়ায় হবিগঞ্জের স্থানীয় জনপ্রিয় ব্যান্ড 'সুরতরঙ্গ'। সুরতরঙ্গ টিমের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন ও উপস্থিতি দিয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন মীর ইয়াসিন মাহমুদ, আশিকুর রহমান রাসেল ও মারুফ-উর-রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 'অ আ ক খ' হবিগঞ্জ টিমের সদস্য রুহুল আমিন, আইশা ইসলাম, পিংকি দাস, পূজা দাস, প্রিয়াঙ্কা দেবনাথসহ স্থানীয় সাহিত্যপ্রেমীরা।
পছন্দের বই ও সাহিত্য নিয়ে খোলামেলা আলোচনা এবং গান-কবিতার এমন ব্যতিক্রমী আয়োজনে উৎফুল্লতা প্রকাশ করেছেন উপস্থিত সকলে। হবিগঞ্জে সাহিত্য চর্চাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
দ.ক.সিআর.২৬