বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো ভোটে নির্বাচিত হয়েছেন চুনারুঘাটের সন্তান শফিকুল ইসলাম সজল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকার বিয়াম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজলের প্রাপ্ত ভোট সংখ্যা- ৯০৭টি এবং প্রতিপক্ষ আনহার আহমদ সমশাদ পেয়েছেন-৬১১টি।
তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মৃত ছুরুক আলী সাহেবের সুযোগ্য সন্তান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তা তিনি।
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা'র দপ্তর সম্পাদক হিসেবে বিগত সময়ে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ভোটারদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হন তিনি। নীরব কর্মযজ্ঞ, সুশৃঙ্খল দাপ্তরিক পরিচালনা এবং সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাঁকে আজ সার্বজনীন গ্রহণযোগ্যতার প্রতীকে পরিণত করেছে।
তিনি বিশ্বাস করেন— সাংগঠনিক পদ মর্যাদার নয়, সেবার; নেতৃত্ব ক্ষমতার নয়, দায়িত্বের। সেই বিশ্বাস থেকেই তিনি প্রতিটি কাজ করে আসছেন নিষ্ঠার সঙ্গে এবং সংগঠনের স্বার্থকে রেখেছেন সর্বাগ্রে।
এছাড়া সংগঠনের নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বেও আছেন। নিজ জন্মভূমির বিভিন্ন উন্নয়নমূলক কাজেও তিনি অংশগ্রহণ করে থাকেন।
উক্ত পদে তাঁকে পূনরায় দায়িত্ব অর্পণ করায় তিনি জালালাবাদ এসোসিয়েশনের সম্মানিত সকল ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
লেখা: মো: মঈনুল ইসলাম সোহেল, আজীবন সদস্য, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা।
দ.ক.সিআর.২৬