হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল-দিঘলবাগ-যাত্রাবড়বাড়ী সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি প্রতিদিন প্রায় হাজারেরও বেশি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলেই ছোট-বড় গর্তে পানি জমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, সড়কের অধিকাংশ জায়গার কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন চালকদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায়। প্রায় প্রতিদিনই অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেকেই হাত-পা ভাঙাসহ গুরুতর আহত হয়েছেন।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও রোগীরা। এলাকাবাসীর অভিযোগ, ভাঙা ও খানাখন্দে ভরা সড়ক দিয়ে গর্ভবতী মায়েদের হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত ঝাঁকুনির কারণে মা ও গর্ভের শিশুর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এতে সময়ের আগেই প্রসব, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মা ও নবজাতকের জীবনহানির আশঙ্কাও তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, বড় বড় ট্রাক ও ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মাটি কাটার মৌসুমে দিন-রাত ট্রাক্টর চলাচল করায় রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। এছাড়া সড়কটি এতটাই সরু যে দুটি যানবাহন পাশাপাশি অতিক্রম করতে গেলেই যানজটের সৃষ্টি হয়।
এলাকাবাসীর দাবি, শুধু সংস্কার নয়, ভবিষ্যতের কথা বিবেচনা করে সড়কটি প্রশস্ত করাও জরুরি। তাদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি আধুনিক ও টেকসইভাবে নির্মাণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি দুর্ঘটনাও কমে আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত কয়েক বছরেও সড়কটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তাই তারা হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউসের কাছে দ্রুত সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ ইরাজ উদ্দিন দেওয়ান বলেন, "সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় মেরামত কাজ শুরু করা হবে। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।"
দীর্ঘদিনের অবহেলায় জনদুর্ভোগের প্রতীক হয়ে ওঠা ধুলিয়াখাল-দিঘলবাগ-যাত্রাবড়বাড়ী সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
দ.ক/এনআইআর