নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবগঠিত এ কমিটিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান নাসির আহমেদ সাজু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের নির্দেশক্রমে গত (১৮ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ সহ)-এর ২১ ধারার ক্ষমতাবলে পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহমেদ সাজু চুনারুঘাটের বাগবাড়ি গ্রামের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে উপজেলার ক্রীড়াপ্রেমী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্ব ও দক্ষতায় দেশের কাবাডি অঙ্গন আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে খেলাটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দ.ক.সিআর.২৬