
নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন রুমেল আহমেদ। তিনি নির্বাচিত হলে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, সামাজিক সেবা সম্প্রসারণ এবং মাদক ও জুয়া প্রতিরোধে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন।
রুমেল আহমেদ (৩২) চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা। মোহাম্মদ তাঁরা মিয়ার ছেলে। রুমেল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহম্মদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সবগুলো সড়ক সংস্কারের উদ্যোগ নেবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ডের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন বলেও জানান।
রুমেল আহমেদ আরও বলেন, এলাকার মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে চান। তাঁর ভাষ্য, এসব সামাজিক ব্যাধি নতুন প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সাধারণ, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের সমর্থন প্রত্যাশা করেন এবং তাঁদের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ব্যক্তিগত জীবনে রুমেল আহমেদ বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি রাজার বাজার পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, এই দায়িত্বের মাধ্যমে তিনি প্রতিদিন সাধারণ মানুষের কাছাকাছি থাকার সুযোগ পান এবং তাঁদের সমস্যা সম্পর্কে সরাসরি জানতে পারেন।
স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ বলেন, রুবেল আহমেদ একজন পরোপকারী মানুষ। সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করেন।
রুমেল আহমেদ আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
দ.ক.সিআর.২৬