মোঃ আমীর হোসেন সোহাগ: সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী,পিপিএম মহোদয়ের নির্দেশনায় মহানগরবাসীর জন্য মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৪ জুলাই নগরীর কোতোয়ালী মডেল থানার রসময় উচ্চ বিদ্যালয়, জালালাবাদ থানার ১ নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও গ্রামস্থ শাহজালাল (রহ.) বাজার, এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ি সংলগ্ন এলাকা এবং শাহপরান (রহ.) থানার পীরের বাজারে পৃথকভাবে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমগ্র সমাজের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।বক্তারা সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার, নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করার এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ বলেন,উপস্থিত সকলকে নিজ নিজ পরিবার, প্রতিবেশী ও সমাজের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও মাদক সেবন, বিক্রি বা মাদক-সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে "জিনিয়া" অ্যাপ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ,এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ টহল পুলিশ, হটলাইন নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবহিত করতে হবে।
পরিশেষে তিনি র্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী সকল ব্যক্তি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স" নীতির প্রতি পুনরায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
দ.ক.সিআর.২৬