চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাতে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত প্রায় ১১টার দিকে একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে থাকা একটি পাটের বস্তা থেকে স্কচটেপে মোড়ানো ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. আব্দুল কাইয়ুম (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৬