বাহুবল প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিলেন ভালোবাসা দিয়ে। হবিগঞ্জের বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়ালেন উপজেলার মুক্তিযোদ্ধা সন্তানরা।
শনিবার সন্ধ্যায় তারা বাহুবল উপজেলার পূর্ব জয়পুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীর নিজ বাড়িতে গিয়ে তার খোঁজ-খবর নেন। এসময় তারা তার পাশে বসে মানসিক সাহস জোগান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সম্প্রতি `কালনেত্র ডট কম` সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় যে, বাহুবল বাজারে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত পুরাতন হাসপাতালের জায়গা রক্ষা এবং অবৈধ বালু পাচারের প্রতিবাদ করায় একটি মহল বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতি ও অনিয়মের মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।
এই সংবাদ প্রকাশের পর বাহুবল উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা ক্ষোভ প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধায় মুক্তিযোদ্ধা সন্তানরা পূর্ব জয়পুরে ফিরোজ আলীর বাড়িতে যান।
পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা সন্তানরা বলেন, "ফিরোজ চাচা সারাজীবন মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। ভাতা, ঘর বরাদ্দ, জাতীয় দিবসের আয়োজন - সবকিছুতেই তিনি স্বচ্ছতার সাথে কাজ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই আজ তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
তারা আরও বলেন, "মুক্তিযোদ্ধাদের ঐক্য নষ্ট করার যে চক্রান্ত চলছে তা আমরা হতে দিবো না। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় প্রয়োজনে আমরা রাজপথে নামবো।"
এসময় তারা অসুস্থ মুক্তিযোদ্ধা নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
দ.ক/সিআর.২৬