মনির সরকার চুনারুঘাট গাজীপুর স্বাধীনতার পর কেটে গেছে দীর্ঘ পাঁচটি দশক। দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থায় বড় বড় উন্নয়ন হলেও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ১ নং ও ৪ নং ওয়ার্ডবাসীর ভাগ্যে জোটেনি একটি স্থায়ী সেতু। খোয়াই নদীর ওপর ‘সাজ্জার গুদারা’ নামক স্থানে একটি ব্রিজের অভাবে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই অঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন আসলেই রাজনৈতিক দলের নেতারা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতি আর আলোর মুখ দেখে না। নেতারা ভোটের পর আর কোনো খোঁজখবরও রাখেন না। ফলে স্বাধীনতার পর থেকে শুধু আশ্বাসের বাণী শুনেই দিন কাটছে ভুক্তভোগী এলাকাবাসীর।
সরেজমিনে দেখা যায়, ১ নং গাজীপুর ইউনিয়নের ১ নং ও ৪ নং ওয়ার্ডের মানুষকে দৈনন্দিন প্রয়োজনে খোয়াই নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষাকালে নদীর স্রোত ও পানির তীব্রতা বাড়লে ডিঙ্গি নৌকায় যাতায়াত করা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ পারাপার হচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
১ নং ওয়ার্ডের ক্ষুব্ধ কয়েকজন বাসিন্দা জানান, "নির্বাচন আসলে নেতারা বড় বড় বক্তব্য দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমাদের যাতায়াত করতে প্রচন্ড কষ্ট হয়। বর্ষাকালে ছোট নৌকা দিয়ে নদী পার হওয়া যে কতটা ভীতিপ্রদ, তা শুধু আমরাই জানি। আমাদের এই কষ্ট দেখার যেন কেউ নেই।"
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, আর কোনো ফাঁকা আশ্বাস নয়, অবিলম্বে এই দুর্ভোগের স্থায়ী সমাধান প্রয়োজন। খোয়াই নদীর ওপর 'সাজ্জার গুদারা' পয়েন্টে দ্রুত একটি সেতু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকারের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
দ.ক/এম.এস