হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে এক যুবককে আটক করা হয়।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলী, কনস্টেবল শহিদুর রহমান, পিন্টু মোহন ও নাজমুল হোসেন।
অভিযানকালে চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. জুয়েল মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আহাদ মিয়ার ছেলে।
আটক ব্যক্তির হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ঢাকা মেট্রো-চ-১৫-৬৫৩৭ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
দ.ক/সিআর