চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রক্তের বন্ধন ব্লাড ডোনারস সোসাইটি হবিগঞ্জ। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আজ ২ ফেব্রুয়ারি, ১২ রমজান, সোমবার হবিগঞ্জ শহরের নিমতলা এলাকায় পথশিশু ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত ও পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেন। কর্মসূচিতে খেজুর, পানি, ফল, ছোলা ও বিভিন্ন খাবার বিতরণ করা হয়।
হঠাৎ এ আয়োজন পেয়ে পথশিশু ও সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে থাকেন। ভবিষ্যতেও রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচি শেষে সংগঠনের সদস্যরা একসঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন, যেখানে পারস্পরিক সৌহার্দ্য ও মানবসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
দ.ক.সিআর.২৬