হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সাল ও তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
গত ৩১ জানুয়ারি এটি করা হলেও সোমাবার (২ ফেব্রুয়ারি)এটি প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ১৫ জানুয়ারী ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী বলে উল্লেখ করে কমিশন এই নোটিশ জারি করে। নোটিশে বলা হয়,ওই সময়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দিয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী এস এম ফয়সালের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশন সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে।
দ.ক.সিআর.২৬