নাফিজ মাহমুদ হাওলাদার: গভীর রাত হলেই যেন অন্য চেহারা ধারণ করে বরগুনা শহর। দিনের কোলাহল শেষে যখন শহর নিস্তব্ধতায় ঢেকে যায়, তখনই সক্রিয় হয়ে ওঠে রাস্তার কুকুরের দল। শহরের মিজান টাওয়ার এলাকা, সদর রোডসহ আশপাশের সড়কগুলোতে দেখা যায় ২০-৩০টি কুকুর একসঙ্গে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে।
স্থানীয়রা জানান, প্রতিদিন রাতের বেলায় দোকানপাট বন্ধ হয়ে গেলে ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্টেই ভরসা রাখে এসব কুকুর। রাত যত গভীর হয়, ততই বাড়ে তাদের আনাগোনা ও খাবার সংগ্রহের প্রতিযোগিতা। অনেক সময় দলবদ্ধভাবে রাস্তার মাঝখানে অবস্থান নেওয়ায় ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়।
পথচারীরা বলছেন, “রাতে রাস্তা ফাঁকা থাকলেও হঠাৎই কুকুরের দল এসে রাস্তার মাঝখানে জড়ো হয়। এতে ভয়ের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়।”
বিশেষজ্ঞদের মতে, শহরে অগোছালো বর্জ্য ব্যবস্থাপনা এবং খাবার উচ্ছিষ্টের সহজলভ্যতাই এদের এমন আচরণের অন্যতম কারণ। সময় এসেছে এসব পথপ্রাণীর জন্য সুনির্দিষ্ট খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার।
দ.ক.সিআর.২৫